হাসপাতাল প্রসব যেভাবে আরও সুন্দর করা যায় — শাহরিন

একজন মা যখন লেবার পেইন নিয়ে হাসপাতালে যান তখন তাকে একজন কষ্টে থাকা মানুষ হিসেবে দেখার চেয়ে যেন একজন “মেডিকেল কেস” হিসেবে দেখা হয়।
এরপর শুরু হয় একের পর এক হস্তক্ষেপ—কিছু প্রয়োজনীয়, কিছু হয়তো পরিস্থিতিভেদে দরকারি, আবার কিছু ক্ষেত্রে আমার কাছে অপ্রয়োজনীয় বলেই মনে হয়েছে। শেষ পর্যন্ত অনেক সময় পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে সিজারিয়ানের দিকে যেতে হয়।
আমি চিকিৎসাবিজ্ঞানের প্রয়োজনীয় হস্তক্ষেপের বিরুদ্ধে নই। প্রয়োজনে চিকিৎসা অবশ্যই করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হলো—একজন মা যখন তীব্র লেবার পেইনে থাকে, তখন তার শরীর ও মনের অবস্থা বুঝে ধৈর্য, আন্তরিকতা, সম্মান এবং পর্যাপ্ত সময় দেওয়া কি সম্ভব নয়?
হাসপাতালের অভিজ্ঞতা বনাম বাস্তবতা
আমার মনে হয়, তাঁরা শুধু মেডিকেল পড়াগুলোই প্রয়োগ করেন!
তাদের মেডিকেল পড়াতে আছে কিভাবে, কোন জায়গায় সুঁই ফোটাতে হয় কিন্তু কিভাবে সুঁই ফোটালে সহজ হবে রোগীর জন্য অর্থাৎ সহজ পদ্ধতি, সবর পদ্ধতি তাদের মেডিকেল পড়াতেই নেই সম্ভবত!
আমি বলতে চাই:
- একজন মায়ের লেবার চলাকালীন বার বার PV চেক করা, স্যালাইন বা ইনজেকশন, প্রস্রাবের রাস্তা দিয়ে নল (ক্যাথেটার) দেওয়া — এসবের প্রতিটিই যে সবার জন্য প্রয়োজনীয়, তা তো নয় বরং অধিকাংশ মায়েদের এসব জুলুম মনে হয়।
- ফলে কোনো কোনো ক্ষেত্রে এসব হস্তক্ষেপ মায়ের ভয়, অস্বস্তি ও মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়। তীব্র ব্যথার সঙ্গে ভয় ও মানসিক অস্থিরতা যোগ হলে একজন মায়ের জন্য পুরো প্রসব প্রক্রিয়াটাই আরও কঠিন হয়ে উঠতে পারে।
কেননা এই সময় প্রয়োজন মাকে মায়ের মতো থাকতে দেওয়া। লেবারের সময় একজন মাকে যতটা সম্ভব নিরাপদ, সম্মানজনক ও শান্ত পরিবেশে নিজের মতো থাকতে দেওয়া খুব গুরুত্বপূর্ণ।
তার শরীরকে সময় দেওয়া, তার কথা শোনা, তার পছন্দকে সম্মান করা এবং সত্যিই প্রয়োজন না হলে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ থেকে বিরত থাকা—এসবও প্রসব সেবার গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।
আমার প্রথম হোম ডেলিভারির অভিজ্ঞতা
আমার প্রথম ডেলিভারি হয়েছিল হোম ডেলিভারি। আলহামদুলিল্লাহ। লেবার পেইন ওঠার পর থেকেই আমি সবাইকে আমার ঘরে না আসতে বলেছিলাম। আমি চেয়েছিলাম, আমাকে আমাদের মতো থাকতে দেওয়া হোক।
যতক্ষণ না প্রসবের সময় হয়েছে, ততক্ষণ প্রায় কোনো হস্তক্ষেপই ছিল না। শুধু মিডওয়াইফ এসে মেমব্রেন সুইপ করেছিলেন।
আমি নিজের মতো করে যে অবস্থায় আরাম পাচ্ছিলাম, যেভাবে শান্তি পাচ্ছিলাম, সেভাবেই ছিলাম। যখন প্রসবের চাপ অনুভব করলাম, তখন জানালাম। এরপর ডেলিভারি করানো হলো। পাশে আমার মা ছিলেন। তাঁর আন্তরিকতা, ভালোবাসা ও উপস্থিতি আমাকে আরও শান্ত, নিশ্চিন্ত ও নিরাপদ অনুভব করিয়েছিল। আলহামদুলিল্লাহ।
কোনো রকম কাঁটা ছিঁড়ার প্রয়োজন হয়নি। ফলে ৭ দিনেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলাম আলহামদুলিল্লাহ।
আমার সেই অভিজ্ঞতা আমাকে একটা বিষয় খুব গভীরভাবে বুঝিয়েছে—প্রসবের সময় একজন মায়ের শুধু চিকিৎসাই নয়, মানসিক নিরাপত্তা, সম্মান, ধৈর্য ও ভালোবাসারও প্রয়োজন।
চিকিৎসকদের প্রতি বিনীত অনুরোধ
তাই যারা হাসপাতাল বা মেডিকেল সেটআপে ডেলিভারি করান, তাদের প্রতি আমার অনুরোধ:
- প্রয়োজনীয় চিকিৎসা অবশ্যই দিন, কিন্তু একজন মাকে শুধু একজন রোগী হিসেবে নয়, একজন মানুষ এবং একজন মা হিসেবে দেখুন।
- প্রতিটি হস্তক্ষেপের আগে সম্ভব হলে তাকে বুঝিয়ে বলুন। তার সম্মতি নিন এবং সত্যিই প্রয়োজন আছে কি না তা বিবেচনা করুন।
কারণ প্রসবের সময় একজন মায়ের শরীর যেমন কাজ করে, তার মনও তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপ্রয়োজনীয় হস্তক্ষেপ, ভয়, তাড়াহুড়ো ও কঠোর আচরণ সেই মায়ের অভিজ্ঞতাকে আরও কষ্টকর করে তুলতে পারে।
আমার দ্বিতীয় প্রেগন্যান্সিতে ডেলিভারির জন্য হাসপাতালে যাওয়ার সিদ্ধান্তই ছিল। কিন্তু ডেলিভারির আগেই নার্স আর ডাক্তারের আচরণ দেখে আমি এতটাই হতাশ ও ভীত হয়ে পড়েছি যে এখন শুধু দোয়া করছি — হসপিটালের মুখ যেনো আর দেখতে না হয় এবং আমার জন্য যেটা সবচেয়ে নিরাপদ ও কল্যাণকর, সেটাই সহজ করে দেন।
দৃষ্টিভঙ্গির পরিবর্তন: “চিকিৎসা না করা” বনাম “স্বাভাবিক প্রক্রিয়াকে সম্মান করা”
প্রসবের সময় ধৈর্য ও সহায়তা প্রসঙ্গে হয়তো অনেক ডাক্তারই বলবেন —
“একজন মা লেবার পেইন নিয়ে আমাদের কাছে এসেছেন। আর আমরা যদি শুধু তাকে ধৈর্য ধরতে বলি, হাঁটাচলা বা উপযুক্ত ব্যায়াম করতে বলি, তাহলে তারা তো মনে করবেন—ডাক্তারের কাছে এসেছি, অথচ কোনো চিকিৎসাই করা হচ্ছে না!”
কিন্তু বিষয়টা আসলে দৃষ্টিভঙ্গির। যারা প্রসবের স্বাভাবিক প্রক্রিয়া, লেবারের বিভিন্ন ধাপ এবং মায়ের শরীরকে তার নিজস্ব গতিতে কাজ করার সুযোগ দেওয়ার বিষয়টি বোঝেন, তারা নিশ্চয়ই এটাকে “কোনো চিকিৎসা না করা” হিসেবে দেখবেন না।
বরং প্রয়োজন অনুযায়ী পর্যবেক্ষণে রেখে, মাকে নিরাপদ ও শান্ত পরিবেশ দেওয়া, হাঁটাচলা বা আরামদায়ক পজিশনে থাকতে সাহায্য করা, পর্যাপ্ত সময় দেওয়া, মানসিকভাবে সাহস দেওয়া—এসবও প্রসব সেবারই অংশ।
যে মা এবং পরিবারের এ বিষয়ে জ্ঞান ও সচেতনতা আছে, তারা অপ্রয়োজনীয় হস্তক্ষেপ না করাকে অবহেলা মনে করবেন না। বরং বুঝবেন—প্রয়োজনের সময় প্রয়োজনীয় চিকিৎসা করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রয়োজন না থাকলে অযথা হস্তক্ষেপ না করাও একজন দক্ষ চিকিৎসাসেবার অংশ।
উপসংহার
তাই আমি মনে করি, মা যেন নিরাপদে, সম্মانیর সঙ্গে এবং যতটা সম্ভব স্বাভাবিকভাবে লেবার পার করতে পারেন—চিকিৎসকদের ভূমিকা হওয়া উচিত সেই প্রক্রিয়াকে বোঝা, পর্যবেক্ষণ করা, প্রয়োজনে সহযোগিতা করা এবং সত্যিই প্রয়োজন হলে হস্তক্ষেপ করা।
যারা এই বিষয়গুলো বুঝবেন, তারা হয়তো “কিছুই করা হচ্ছে না” বলবেন না; বরং বলবেন—“আমাকে আমার শরীরের স্বাভাবিক প্রক্রিয়াটাকে সময় ও সুযোগ দেওয়া হচ্ছে।”
আল্লাহ প্রত্যেক মায়ের প্রসবকে সহজ করুন, নিরাপদ রাখুন এবং তাদের সঙ্গে যারা থাকবেন, তাদের অন্তরে ধৈর্য, মমতা ও আন্তরিকতা দান করুন। আমিন।
— শাহরিন
(রৌদ্রময়ী Prenatal and Childbirth টেলিগ্রাম গ্রুপ মেম্বার)

