বর্ষার দিনে নবজাতকের যত্ন
- Posted by Sumaiya Snigdha
- Date August 15, 2026
- Categories Uncategorized

বৃষ্টির দিনে নবজাতকের যত্ন
“আপু, সারাদিন বৃষ্টি। বাচ্চাকে রোদে দিতে পারছি না। এখন হাত-পায়ের ভাঁজ, প্রাইভেট পার্টের আশেপাশে সাদা সাদা হয়ে যাচ্ছে। কী করবো?”
বর্ষাকালে এমন প্রশ্ন অনেক মায়েরই থাকে।
প্রথমেই একটা কথা বলি- রোদে দিতে না পারার জন্য আফসোসের কোন কারন নেই৷
অনেকের ধারণা, নবজাতককে প্রতিদিন রোদে না দিলে ত্বকে সাদা দাগ হয়।
কিন্তু বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিষয়টা এমন নয়।বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। ফলে শিশুর শরীরের ভাঁজগুলো যেমন ঘাড়, বগল, কুঁচকি, হাঁটুর পেছন বা ডায়াপারের আশেপাশে সহজেই ভেজা হয়ে থাকে। এই আর্দ্রতার কারণেই ত্বক নরম হয়ে সাদা দেখাতে পারে, খোসা উঠতে পারে বা হালকা জ্বালাপোড়া হতে পারে।
অর্থাৎ, সমস্যাটা রোদের অভাবের চেয়ে বেশি হয় আর্দ্রতার কারণে।
তাহলে বর্ষাকালে নবজাতকের যত্ন কিভাবে নিবেন?
গোসল করানোর পর শুধু শরীর মুছে দিলেই হবে না। শরীরের প্রতিটি ভাঁজ আলতো করে ভালোভাবে শুকিয়ে নিন।
ডায়াপার ব্যবহার করলে দীর্ঘক্ষণ পরিয়ে রাখবেন না। ভিজে গেলে যত দ্রুত সম্ভব বদলে দিন।
শিশুর কাপড় ভিজে গেলে সঙ্গে সঙ্গে পরিবর্তন করুন। বর্ষাকালে অনেক সময় কাপড় পুরোপুরি শুকায় না, তাই সম্ভব হলে ভালোভাবে শুকানো নরম সুতি কাপড় ব্যবহার করুন।
ঘর একেবারে বন্ধ করে রাখবেন না। জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করুন, তবে ঠান্ডা বাতাস যেন সরাসরি শিশুর গায়ে না লাগে।
হাত-পায়ের ভাঁজ, প্রাইভেট পার্টের আশেপাশে সাদা হয়ে গেলে কী কী করা যাবেনা :
এটাই সবচেয়ে বড় ভুল, যা অনেক পরিবার অজান্তেই করে ফেলেন।
শরীরে বেশি বেশি তেল মালিশ করবেন না।অনেকে মনে করেন সরিষার তেল, নারকেল তেল বা অন্য কোনো তেল বেশি করে লাগালে সাদা ভাব চলে যাবে। কিন্তু যদি জায়গাটা আর্দ্রতার কারণে নরম হয়ে যায় বা সেখানে ফাঙ্গাল সংক্রমণ শুরু হয়ে থাকে, তাহলে অতিরিক্ত তেল উল্টো সমস্যা বাড়িয়ে দিতে পারে।
আবার বারবার সাবান দিয়েও ধোয়া ঠিক নয়।সাবান ত্বকের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা নষ্ট করে ত্বককে আরও শুষ্ক ও সংবেদনশীল করে দিতে পারে। নবজাতকের ক্ষেত্রে প্রতিবার ডায়াপার পরিবর্তনের সময় সাবান ব্যবহার করারও দরকার নেই। প্রয়োজনে শুধু কুসুম গরম পানি দিয়েই পরিষ্কার করলেই যথেষ্ট।
পাউডার ব্যবহার করেও অনেক সময় ভাঁজের মধ্যে দলা বেঁধে ত্বকে জ্বালাপোড়া হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া পাউডার ব্যবহার না করাই ভালো।
কখন ডাক্তার দেখাবেন?
যদি সাদা জায়গাগুলো দ্রুত ছড়িয়ে পড়ে, লাল হয়ে যায়, ফেটে যায়, দুর্গন্ধ হয়, পানি বা পুঁজ বের হয়, অথবা বাচ্চা অস্বস্তি বোধ করে তাহলে ঘরোয়া উপায়ে সময় নষ্ট না করে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বর্ষাকালে নবজাতকের সবচেয়ে বড় যত্ন হলো—রোদে দেওয়া নয়, বরং ত্বককে পরিষ্কার, শুকনো ও আরামদায়ক রাখা।শিশুর ত্বকে সাদা কিছু দেখলেই তেল, সাবান বা নানা ঘরোয়া উপায় ব্যবহার করার আগে কারণটা বোঝার চেষ্টা করুন। একই রকম দেখতে সমস্যার পেছনে ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে, আর সঠিক কারণ জানা থাকলে চিকিৎসাও সহজ হয়।
তাসনিম সুশান আজাদ
দৌলা ও চাইল্ডবার্থ এডুকেটর
রৌদ্রময়ী স্কুল।
Other post
You may also like
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্সের ২৮তম লাইভ ব্যাচে রেজিষ্ট্রেশন চলছে
রৌদ্রময়ী প্রিনেটাল কোর্সের ২৮তম লাইভ ব্যাচে রেজিষ্ট্রেশন চলছে। আর্লি বার্ড অফারে রেজিষ্ট্রেশন করতে পারবেন ১০তারিখ পর্যন্ত।
রবিউল আউয়াল মাস উপলক্ষে, রৌদ্রময়ী স্কুল এবার নিয়ে এসেছে আপনাদের পছন্দের কোর্সগুলোর রেকর্ডেড ভার্সন।
রবিউল আউয়াল মাস উপলক্ষে, রৌদ্রময়ী স্কুল এবার নিয়ে এসেছে আপনাদের পছন্দের কোর্সগুলোর রেকর্ডেড ভার্সন। শেখার ইচ্ছা ছিল অনেকদিনের। কখনো সময় হয়ে ওঠেনি আবার কখনো বা বাজেটের কারণে শুরু করা হয়নি। এবার হয়তো শুরু করার সময়টা এসেই গেছে! কারণ রৌদ্রময়ী স্কুলের …
শর্ট সার্ভিক্স নিয়ে আমার নরমাল ডেলিভারির গল্প
১১-০১-২০২৬—আমার জীবনের এক অবিস্মরণীয় দিন। এই দিনেই নরমাল ডেলিভারির মাধ্যমে আমি আমার কন্যা সন্তানের মা হওয়ার সৌভাগ্য লাভ করি। আমার এই বার্থ স্টোরি কেবল একটি অভিজ্ঞতা নয়; এটি দোয়া কবুলের এক জীবন্ত, অনুভূতিময় যাত্রা—যেখানে প্রতিটি ধাপে ছিল ভরসা, ধৈর্য এবং …
