Back

চিড়ার তৈরি স্বাস্থ্যকর ও মজাদার ৩টি রেসিপি

গর্ভাবস্থায় একজন মায়ের জন্য প্রতিবেলায় সঠিক পুস্টি গ্রহন অত্যন্তত প্রয়োজন। সকালবেলা দেখা মায়ের শরীর ভালো লাগে না, বমি ভাব থাকে। অরুচি লাগে, এবং শারীরিক ভাবেও দূর্বল থাকেন। এই কারণে সাধারণত সকালের নাস্তায় বিস্কুট, ইনস্ট্যান্ট নুডুলস, কর্নফেক্স এই টাইপের রেডী টু ইট বা সহজে তৈরী করা যায় এমন খাবারগুলো খেয়ে থাকেন। এসব খাবারে থাকে উচ্চমাত্রায় চিনি, ট্রান্স ফ্যাট, প্রিজারভেটিভ এবং অতিরিক্ত লবন। এগুলো গর্ভবতী মা ও বাচ্চার পুস্টির চাহিদা পূরনে কাজে আসে না বরং মায়ের অতিরিক্ত ওজন, ডায়বেটিস, উচ্চরক্তচাপ ও এসিডিটির কারন হতে পারে। এসময় চিড়া হতে পারে একটা চমৎকার সকালের নাস্তা। তৈরী করতে খুব বেশী ঝামেলা হয় না।চিড়া দেশীয় সহজলভ্য, সহজপাচ্য এবং পুস্টিকর, মায়ের পছন্দমত বিভিন্ন স্বাদে তৈরী করে নিতে পারেন।
এখন জেনে নেওয়া যাক, ১০০ গ্রাম চিড়া থেকে আমরা কী কী পুষ্টি উপাদান পাবো।
 
🥣চিড়া ১০০ গ্রাম
শক্তি : ৩৫৬ কিলোক্যালরি
কার্বোহাইড্রেট: ৭৯.২ গ্রাম
প্রোটিন: ৬.৩-৭.৪ গ্রাম (লাল চিড়ায় প্রোটিন বেশী থাকে)
ফ্যাট : ১.১ গ্রাম
আয়রন : ৬.৮ মি.গ্রা
পটাশিয়াম: ১৫০ মিগ্রা
এবং কিছু বি ভিটামিন ও ফাইবার থাকে।
চিড়া দিয়ে কয়েকটা সহজ রেসিপি দেওয়া হল।
 
🥣দই চিড়া :
দই-চিড়া মজাদার, সহজে হজম হয় এবং পেট ঠান্ডা রাখে
 
👉উপকরণ :
চিড়া ১/২ কাপ ধুয়ে পানিতে ভিজিয়ে নিতে হবে
টকদই ১/২ কাপ
কলা বা পছন্দের ফল ( আম, আপেল) ১ টা ছোট টুকরা করে কাটা
গুড় (অপশনাল)
লবন স্বাদমতো
 
👉প্রস্তুত প্রনালী:
১৷ চিড়া ভিজিয়ে একটা বাটিতে নিতে হবে। স্বাদমত লবন দিয়ে উপরে দই দিয়ে তার উপর পছন্দমতো ফলের টুকরা দিয়ে দিতে হবে। মিষ্টিটা অপশনাল। কারও ইচ্ছে হলে গুড় বা মধু নিতে পারেন।
২। পুষ্টি বাড়াতে এর সাথে ২ চা চামচ চিয়া সীচ ও অল্প পরিমানে বাদাম, কিশমিস দিতে পারেন।
সাথে একটা ডিম সিদ্ধও রাখতে পারেন।
 
🥣চিড়ার ফ্রাইড রাইস
👉উপকরণ:
চিড়া ১ কাপ ধুয়ে ছাকনীতে পানি ঝরিয়ে নিতে হবে।
ডিম ১ টা
সবজী ছোট করে কাটা পছন্দ মত (গাজর, বরবটি, ক্যাপসিকাপ, টমেটো বা যে কোন পছন্দের সবজী)
সরিষার তেল ১ টেবিল চামচ
চিনাবাদাম ৭-৮ টা
পেঁয়াজ কুচি ১ টা
কাঁচা মরিচ ১/২ টা
হলুদ গুড়া ১/৪ চা চামচ
সরিষা ১/২ চা চামচ
কারীপাতা ৪-৫ টা
লবন স্বাদমতো
 
👉প্রস্তুত প্রনালী:
১৷ চুলায় ফ্রাইপেন বসিয়ে তেল গরম করে, সরিষা দিয়ে দিতে হবে। এরপর কারী পাতা দিয়ে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, চিনাবাদাম দিয়ে ভেজে সবজির টুকরাগুলো দিয়ে দিতে হবে। সবজিতে হলুদগুড়া, লবন দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এর পর এতে চিড়া দিয়ে নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করতে হবে।
২। এই খাবারে প্রোটিনের পরিমান বাড়াতে চাইলে মুরগীর কিমা যোগ করা যেতে পারে।
 
🥣 ক্রিসপি চিড়া ভাজা
👉উপকরণ:
চিড়া ১ কাপ
চিনাবাদাম বা পছন্দমত বাদাম ১/৪ কাপ
পেয়াজ কুঁচি ১ টা
রসুন কুঁচি ২/৩ কোয়া
কাঁচা মরিচ ২/৩ টা
মৌরী ১/২ চা চামচ
জিরা ১/২ চা চামচ
জোয়ান ১ চিমটি
হলুদের গুড়া ১/২ চা চামচ
সাদা তিল ১ চা চামচ
গরম মসলাগুঁড়া ১/৪ চা চামচ
 
👉প্রস্তুত প্রনালী:
১। চিড়া ঝেড়ে ফ্রাইপ্যানে নিয়ে মিডিয়াম টু লো হিটে ভালভাবে নেড়ে ভেজে নিতে হবে। এরপর বাদামও একই ভাবে ভাজতে হবে। কেউ চাইলে চিড়া ও বাদাম তেলে ভেজে নিতে পারেন। এতে বেশী মচমচে হয়। অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য ভালো না। তবে বাইরের চানাচুরের বিকল্প হতে পারে।
২৷ তেলে পেয়াজ কাঁচা মরিচ ভেজে বেরেস্তার মত করে নিতে হবে।
৩৷ এরপর তেলে মৌরী, জিরা, হলুদ, গরম মশলা দিয়ে হালকা ভেজে চিড়া দিয়ে দিতে হবে এবং পেঁয়াজ ভাজা, বাদাম মিশিয়ে নিতে হবে।
তৈরি হয়ে যাবে মুখরোচক চিড়া ভাজা। এটা এয়ারটাইট বক্সে রেখে ৩/৪ দিন খাওয়া যাবে।
চিড়া দিয়ে তৈরী রেসিপি শুধু স্বাস্থ্যকর নয়, সময় ও খরচের দিক দিয়েও সাশ্রয়ী। প্রাকৃতিক ও দেশীয় খাবার হতে পারে আপনার ও আপনার শিশুর জন্য নিরাপদ ও পুষ্টিকর।
 
ফারইয়াব হাসান
নিউট্রিশনিস্ট
দৌলা, রৌদ্রময়ী স্কুল
 
 
 
 
 

.